Publish Date: 07 May 2026 10:09:38 AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ প্রথমবারের মত ‘ডিনস এ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান আজ ০৭ মে ২০২৬খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এবছর রাবিপ্রবি’তে প্রথমবারের মতো ‘ডিনস এ্যাওয়ার্ড’ পেয়েছেন ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইতিকা আইচ এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী জাফরিন আক্তার শিলা। ডিনস এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী ইতিকা ও জাফরিন তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং তাদের এই সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিবার এবং তাদের সহপাঠীদের ধন্যবাদ জানান। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাবিপ্রবি’তে প্রথম বারের মতো ‘ডিনস এ্যাওয়ার্ড’ প্রবর্তন করতে পারায় শিক্ষকবৃন্দ ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা এ ‘ডিনস এ্যাওয়ার্ড’ সামনে চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এ ডিনস এ্যাওয়ার্ড - ভালো সিজিপিএ অর্জন, বছরজুড়ে পড়াশুনা অব্যাহত রাখা, আন্তরিকতা ও সততা বজায় রাখা, একাডেমিক গ্যাপ না থাকা, পরীক্ষায় ইম্প্রুভমেন্ট না রাখা, ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শিষ্টাচার-শৃঙ্খলা মেনে চলার স্বীকৃতি। প্রতি বছর শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম ও ভালো কাজের স্বীকৃতির জন্য ডিনস এ্যাওয়ার্ড প্রদান অব্যাহত রাখার জন্য তিনি আহবান জানান। সামগ্রিকভাবে শিক্ষার্থীদের এ অর্জন অন্যান্য শিক্ষার্থীদেরকে আগামী বছরে ডিনস এ্যাওয়ার্ড পাওয়ার জন্য ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে উৎকর্ষতা সাধন করার অনুপ্রেরণা প্রদান করবে। এ এ্যাওয়ার্ড প্রাপ্তিতে তাদের যেমন কষ্ট ও অবদান আছে তেমনি পরিবারেরও যথেষ্ট অবদান আছে। তিনি এ অনুষ্ঠান আয়োজনকারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব আসিফা নার্গিস এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা। শিক্ষকবৃন্দ তাঁদের বিভাগের শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তাঁদের সাফল্য ও আনন্দে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা বলেন, ডিনস এ্যাওয়ার্ড প্রদানের এই ঐতিহাসিক দিনটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো উচ্চ শিক্ষা অর্জন করে এ বিশ্ববিদ্যালয় ও দেশ-জাতির জন্য কৃতিত্বের সাথে কাজ করবে এবং দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে এ প্রত্যাশা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির। তিনি বলেন, রাবিপ্রবি’র জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত এবং ডিনস এ্যাওয়ার্ড এ ধারা আমরা অব্যাহত রাখতে চাই। আজকের এই দিনটি এবং এ এ্যাওয়ার্ড ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের এ সাফল্য অর্জনের পেছনে অভিভাবকসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অবদান রয়েছে তা স্মরণ করিয়ে দেন। আগামী বছরে বিদ্যমান তিনটি অনুষদ থেকেই শিক্ষার্থীরা এ এ্যাওয়ার্ড পাবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিনস এ্যাওয়ার্ড নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং চেক প্রদান করা হয়। নীতিমালা-২০২৫ অনুসারে, স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৭৫ বা তদুর্ধ্ব সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থী ডিনস এ্যাওয়ার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবে এবং কোন শিক্ষার্থী পুনঃভর্তি/সম্পূরক/মান-উন্নয়ন গ্রহণ করলে এবং আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকলে ডিনস এ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হবে না। এ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।