রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

Publish Date: 25 Mar 2026 07:43:13 AM

রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সকল অংশীজন নিয়ে একটি শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা আজ ২৪/০৩/২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

উক্ত সমন্বয় সভায় রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব বৈশালী চাকমা, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আবদুল্লাহ আল মামুন সহ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স রাঙ্গামাটি, রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আবদুল আলী একাডেমি, ভেদভেদী পৌর বিদ্যালয়, ভোয়াল্ল্যা উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক সমিতি, রাঙ্গামাটি পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতি, ডিজিএফআই, ডিএসবিসহ অন্যান্য অংশীজনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাবিপ্রবি’র বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও জিএসটি ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর সভার শুরুতে সবাইকে অভিনন্দন জানিয়ে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আগত অংশীজনদেরকে অবহিত করেন এবং জিএসটি ভর্তি পরীক্ষাসমূহ (A, B ও C ইউনিট) সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে রাস্তায় ভিড় ও যানবাহনের জ্যাম নিয়ন্ত্রণসহ পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ও টহল বৃদ্ধি; নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ; খাবার পানির সুব্যবস্থা নিশ্চিতকরণ; জরুরি স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা; গাড়ি পার্কিং; ভলান্টিয়ার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন এবং রাঙ্গামাটি শহরে পরীক্ষার্থী ও অভিভাবকদের অবস্থানের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি ও সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট অংশীজনদেরকে বিশেষভাবে হোটেল মালিক ও পরিবহন মালিকদের প্রতি আহবান জানান। উপস্থিত অংশীজনরা তাঁদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার বিষয় সমূহ আলোচনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনরা তাদের মতামত ও সহযোগিতার প্রস্তাব পেশ করেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পারস্পরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষাসমূহ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ষষ্ঠবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য যে, আগামী ২৭/০৩/২০২৬ তারিখে C ইউনিট (বাণিজ্য), ০৩/০৪/২০২৬ তারিখে B ইউনিট (মানবিক), ১০/০৪/২০২৬ তারিখে A ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা সকাল ১১.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত এবং আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা ১০/০৪/২০২৬ তারিখে বিকাল ৩.০০ টা হতে ৪.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে A, B ও C ইউনিটে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ১২,০২৩ জন পরিক্ষার্থী জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।