রাবিপ্রবি ও মালয়েশিয়ার ‘ইউএমটি’ এর মধ্যে অভিপ্রায় পত্র (Letter of Intent) স্বাক্ষর

Publish Date: 08 Apr 2026 03:49:00 AM

রাবিপ্রবি ও মালয়েশিয়ার ‘ইউএমটি’ এর মধ্যে অভিপ্রায় পত্র (Letter of Intent) স্বাক্ষর

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং Universiti Malaysia Terengganu (UMT)-এর মধ্যে আজ ৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে একটি অভিপ্রায় পত্র (Letter of Intent-LOI) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকে রাবিপ্রবি’র পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং ইউএমটির পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ফিশারিজ ও একুয়াকালচার সায়েন্স অনুষদের ডীন ড. নাজিয়া বিনতে মুসা।

রাবিপ্রবি’র পক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সমন্বয় করেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ এজাজুল ইসলাম এবং ইউএমটি’র পক্ষে সমন্বয় করেন সিনিয়র প্রভাষক ড. হাসান ইব্রাহিম শেখ। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, সকল শিক্ষক এবং ইউএমটি’র টেলেন্ট এন্ড রির্সাচ এর ডেপুটি ডিন ও সহযোগী অধ্যাপক প্রফেসর ড. ওয়ান মোঃ রাওহান বিন ওয়ান হুসিন, সিনিয়র লেকচারার ড. হাসান ইব্রাহীম শেখ ও সিনিয়র লেকচারার ড. আহসান হাবীব।

এই চুক্তির আওতায় রাবিপ্রবি’র ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা আগামী বছর থেকে মালয়েশিয়ার ইউএমটি’তে একমাসের ইন্টার্নশিপের সুযোগ পাবে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে রাবিপ্রবি’র এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদ এবং ইউএমটি’র এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা যৌথভাবে গবেষণা পরিচালনা, পারস্পরিক সহযোগিতা ও গবেষণা প্রবন্ধ প্রকাশনা; সেমিনার আয়োজন, একাডেমিক তত্ত্বাবধান (সুপারভিশন); শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় (এক্সচেঞ্জ) এবং পারস্পরিক সম্মতিক্রমে অন্য যেকোনো একাডেমিক কার্যক্রমে সহযোগিতা করতে পারবে। এ সমঝোতা স্মারক আগামী ২ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয়ের সম্মতিক্রমে এ মেয়াদ নবায়ন করা যাবে।