রাবিপ্রবি’তে BNQF & OBE Curriculum শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Publish Date: 04 May 2026 02:59:52 AM

রাবিপ্রবি’তে  BNQF & OBE Curriculum শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘Bangladesh National Qualifications Framework (BNQF) & Outcome-Based Education (OBE) Curriculum’ শীর্ষক একটি প্রশিক্ষণ আজ ০৩ মে ২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার সকাল ০৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে শুরু হয়। উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগ যথা: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজিত উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। প্রথম দিনের প্রশিক্ষণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (কিউএ এন্ড এনকিউএফ) প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেইন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ খুব শীঘ্রই OBE Curriculum এর আওতায় আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশ-বিদেশের জব মার্কেটে প্রতিযোগিতায় তাদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শন করে টিকে থাকতে পারে এবং সুনাম বয়ে আনতে পারে এমন মনোভাব নিয়ে আমাদের কাজ করতে হবে এবং কারিকুলামকে যুগোপযোগী রাখতে হবে। এ প্রশিক্ষণ এ প্রক্রিয়ারই অংশ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও পারফরমেন্স বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ অপরিহার্য। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা OBE কারিকুলাম প্রণয়ন করে শিক্ষার্থীদেরকে তৈরি করা; নেতৃত্ব প্রদানের ও চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন করার অনুপ্রেরণা প্রদান করা এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিকভাবে পরিচিত ও স্বীকৃতির জন্য কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে কাজ করার আহবান জানান।

প্রশিক্ষণের প্রথম সেশনে প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন Bangladesh National Qualifications Framework (BNQF) এর ইতিহাস ও কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রতিষ্ঠানে BNQF বাস্তবায়নের সুফল, OBE Curriculum, গুণগতমান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের গতিশীলতা সহজীকরণ, কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, আজীবন শিক্ষার প্রসার, স্বচ্ছতা ও স্বীকৃতিকে উৎসাহিতকরণ, পারস্পরিক সহযোগিতা আদান-প্রদান, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নে নির্দেশনা প্রদান বিষয়ে আলোকপাত করেন। এছাড়া তিনি ১৯৫৬ সালে Benjamin Bloom কর্তৃক প্রণীত Bloom’s Taxonomy সম্পর্কিত কাঠামো তুলে ধরেন। এটি শেখা (learning) ও চিন্তাশক্তির স্তরভিত্তিক একটি কাঠামো, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন থেকে শুরু করে উচ্চতর মানের বিশ্লেষণ ও সৃজনশীলতায় পৌঁছানোর ধাপগুলো ব্যাখ্যা করে থাকে যা পাঠ পরিকল্পনা, প্রশ্ন তৈরি এবং শিক্ষার্থীদের মূল্যায়নে সাহায্য করে; এবং এটি নিম্নস্তরের জ্ঞান থেকে উচ্চস্তরের চিন্তায় উন্নীত হওয়ার একটি পরিষ্কার পথ নির্দেশ করে থাকে। এবিষয়গুলো তিনি বাস্তবতার আলোকে তুলে ধরেন।

পরবর্তী সেশনে প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেইন Quality Assurance in Higher Education Institution বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে (জাতীয়, প্রাতিষ্ঠানিক বা কার্যক্রম) গুণগত মান মূল্যায়ন, আউটকাম বেইজড এডুকেশন কারিকুলামে শিক্ষার্থীদের সফট স্কিল রপ্ত করা এবং শিক্ষার্থীদেরকে এমপ্লয়াবিলিটি স্কিল বৃদ্ধি করার বিষয়ে শিক্ষক ও প্রতিষ্ঠানের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

তিনি প্রাতিষ্ঠানিক কোয়ালিটি ও কোয়ালিটি অ্যাসিউরেন্স এর আওতায় ইন্টারনাল ও এক্সটারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স নিশ্চিত করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিতভাবে তাত্ত্বিক আলোচনা উপস্থাপন করেন। এটি এমন একটি পরিকল্পিত ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষা, গবেষণা, মূল্যায়ন পদ্ধতি এবং সেবার মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বজায় রাখে ও তা সময়ের প্রেক্ষিতে উন্নত করে থাকে। অর্থ্যাৎ শিক্ষার্থীরা যে শিক্ষা পাচ্ছে তা মানসম্মত, প্রাসঙ্গিক এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কিনা তা নিশ্চিত করার পদ্ধতিগত দিকের বর্ণনা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, প্রশিক্ষণ ও কারিকুলাম প্রণয়ন এর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল BNQF এর কাঠামো, লেভেল ডেসক্রিপ্টর, দক্ষতা মূল্যায়ন পদ্ধতি এবং কারিকুলাম উন্নয়ন সম্পর্কে অংশগ্রহণকারীদেরকে সম্যক ধারণা প্রদান করা। এই উদ্যোগের মাধ্যমে ফ্যাকাল্টি মেম্বারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জনে সহায়ক হবে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দেশের শিক্ষাব্যবস্থাকে আরো মানসম্মত ও দক্ষতাভিত্তিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন দিক নির্দেশনা প্রদান করা হয়। BNQF অনুযায়ী OBE কারিকুলাম প্রবর্তনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়কে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিএনকিউএফ-এর বিধানাবলীর সাথে সঙ্গতি রেখে উচ্চশিক্ষার সমসাময়িক সর্বোত্তম জ্ঞান বিনিময়, শিক্ষকগণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে এবং বিশ্ববিদ্যালয়ে টেকসই ও গুণগত শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার জন্য দুই দিনের এই প্রশিক্ষণ কর্মসূচির এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.  তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।