All News
news

14 Dec 2025

রাবিপ্রবি'র অর্থ কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৮ম সভা আজ ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার সকাল ১০:৩০ ঘটিকায় রাবিপ্রবি'র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অনলাইনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও অর্থ কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৮ম সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অত্যাবশ্যকীয় কিছু নীতিমালা এ সভায় উপস্থাপন করা হয়। সভার শুরুতে সভাপতি মহোদয় উপস্থিত ও অনলাইনে সংযুক্ত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। সভায় ৭ম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ ও অনুমোদন করা হয়। সভায় আলোচ্য নীতিমালাসমূহ হলো: পেটিক্যাশ বরাদ্দ বৃদ্ধি; বিভিন্ন বোর্ড/ সভা/ কমিটির সিটিং এলাউন্স; অতিরিক্ত/ চলতি দায়িত্বে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের দায়িত্বভাতা নির্ধারণ; শিক্ষকদের বই ক্রয়ের অর্থ পুনর্ভরণ; সেমিনার/কর্মশালার সন্মানী, নিয়োগ/পদোন্নতি/পর্যায়োন্নায়ন সংশ্লিষ্ট কাজের সন্মানী; প্রশিক্ষণ সন্মানী ও কর্মচারীদের অধিকাল ভাতার হার সংক্রান্ত নীতিমালা (সংশোধিত)- ২০২৫ অনুযায়ী অতিরিক্ত/চলতি দায়িত্বে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের দায়িত্বভাতা প্রাপ্যতা এবং অতিরিক্ত দায়িত্ব ভাতার সম্মানীর হার নির্ধারণ; দাপ্তরিক সফরে দাপ্তরিক গাড়ির জ্বালানী সংগ্রহ বাবদ অগ্রীম অর্থ উত্তোলনের সীমা নির্ধারণ; শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চিকিৎসা ঋণ প্রদান-২০২৫ নীতিমালার সংশোধনী; মাসিক দায়িত্ব ভাতা-২০২৫ নীতিমালার সংশোধনী; কর্মচারীদের আপগ্রেডেশন পরবর্তী বকেয়া প্রদান; বিশ্ববিদ্যালয়ের ব্যাংক একাউন্ট পরিচালনা কার্যবিবরনী; একজন নবনিযুক্ত শিক্ষকের যোগদান; দাপ্তরিক গাড়ীর জ্বালানী তেলের প্রাপ্যতা, প্যানেল আইনজীবী ও লিগ্যাল অ্যাডভাইজারের সন্মানী এবং আর্থিক হিসাব ম্যানুয়াল অনুযায়ী চেক স্বাক্ষরের ক্ষমতা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধনপূর্বক অনুমোদন প্রদান করা হয়।

সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে অনলাইনে রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও রিসটেক প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য ড. মোর্শেদা আক্তার অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন। এছাড়া সভায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ জুনাইদ কবির, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক জনাব এস. এম. রেজাউর রহমান এবং সহকারী পরিচালক জনাব রাসকিন চাকমাসহ হিসাব দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

news

14 Dec 2025

রাবিপ্রবি উপাচার্যের বিবিবিএস বার্ষিক বায়োরিস্ক সন্মেলন-২০২৫ এ সভাপতি হিসেবে যোগদান

আজ ১৩ ডিসেম্বর ২০২৫  তারিখ সকাল ৯:০০ ঘটিকায় আইসিডিডিআরবি' র সাসাকাওয়া অডিটোরিয়ামে "BBBS Annual Biorisk Conference 2025" অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডঃ এস এম এ ফায়েজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ শাহিনুল আলম, আইসিডিডিআরবি'র নির্বাহী পরিচালক ডঃ তাহমিদ আহমেদ, বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডঃ সাইফুর রহমান এবং বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) চেয়ারম্যান ডঃ আসাদুল গনিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, গবেষক এবং চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

"Containment of AMR, Biohazardous waste management, Biosafety, Biosecurity and Biotechnology" শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ এস এম এ ফায়েজ বলেন, আগামী দিনে কোভিড-১৯ এর মতো মহামারী থেকে বাঁচতে আমাদেরকে গবেষণায় এবং মেডিকেল-হাসপাতালগুলোতে বায়োসেইফটি ইস্যুগুলোকে গুরুত্ব দিতে হবে।

কনফারেন্সে সভাপতি প্রফেসর ডঃ মোঃ আতিয়ার রহমান  বাংলাদেশ বায়োসেইফটি এবং বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) জৈব বর্জ্য ব্যবস্থাপনায় বিগত ১৫ বছরের ভূমিকা তুলে ধরেন এবং দেশের বিশ্ববিদ্যালয়সমূহে একাডেমিক কারিকুলামে বায়োসেইফটি এবং বায়োসিকিউরিটি ইস্যুগুলোকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেন। একই সাথে তিনি বায়োসেইফটি এবং বায়োসিকিউরিটি পলিসি গাইডলাইন মেনে চলার ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগের উপর জোর প্রদান করেন। তিনি সম্মেলনে উপস্থিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডঃ তাহমিদ আহমেদ কলেরা ভ্যাকসিন এবং খাবার স্যালাইন তৈরিতে আইসিডিডিআরবি'র ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন,  আইসিডিডিআরবিসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে জৈব বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট পলিসি মেনে চলতে হবে এবং সে ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। ড.সাইফুর রহমান বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ বন, পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস দেন।

বিবিবিএস ও বায়োসেইফটি অফিস, আইসিডিডিআরবি এ বার্ষিক কনফারেন্সের আয়োজন করে। যেখানে রাবিপ্রবি সহযোগী সংস্থাসমূহের মধ্যে অন্যতম ভূমিকা পালন করে।

news

14 Dec 2025

রাবিপ্রবি ও ক্যাপস এর কোলাবোরেশন সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (CAPS) এর মধ্যে ‘Clean Air for Good Health: Understanding our Environment’ শিরোনামে দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা আজ ১১ ডিসেম্বর ২০২৫খ্রি. রোজ বৃহস্পতিবার দুপুর ২:০০ ঘটিকায় প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে একটি কোলাবোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার দুইটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র- যৌথ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা, ক্লিন এয়ার ক্লাব প্রতিষ্ঠা, এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনের তথ্য উপাত্ত বিনিময়, জলবায়ু পরিবর্তনে উপকূলীয় এলাকার পরিবেশ ও জনগোষ্ঠী নিয়ে গবেষণা, টেকনিক্যাল বায়ু দূষণ এবং জলবায়ু অভিযোজন বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, পরিচালকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিগত ২৮ নভেম্বর ২০২৫খ্রিঃ তারিখে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর আজ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর পক্ষ থেকে রাবিপ্রবিকে প্রদানকৃত ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ বিগত ১০ ডিসেম্বর ২০২৫খ্রি. রোজ বুধবার দুপুর ১:০০ ঘটিকায় রাবিপ্রবি রিসোর্স ইনোভেশন সেন্টার (আরআইসি) এ স্থাপন করা হয়।

news

14 Dec 2025

রাবিপ্রবি’তে ‘ইউনিভার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্টার্টআপ হিসেবে তৈরির লক্ষ্যে স্টার্টআপ সম্পর্কিত প্রাথমিক প্রশিক্ষণ/মেন্টরিং প্রদানের জন্য বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA)’ প্রকল্পের উদ্যোগে সারাদেশব্যাপী চলমান “ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম (UAP) ২০২৫”-এর অংশ হিসেবে আজ ১১ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য জনাব সাইদুল ইসলাম, আইসিটি ডিভিশনের উপ-সচিব এবং আইডিয়া প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উক্ত আয়োজনে সমাপনী বক্তব্য রাখেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব ও আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মর্তুজা জুলকার নাঈন নোমান। আরো উপস্থিত ছিলেন বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান বলেন, স্টার্টআপের শুরুতে অনিশ্চয়তা থাকবে, কিন্তু অধিক মানুষকে সম্পৃক্ত করে তাদের কল্যাণে নৈতিকতা ঠিক রেখে কাজ করতে হবে। এতে স্টার্টআপে চমৎকার অগ্রগতি আসবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু চাকরির জন্য নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম বর্ষ থেকে নিজেকে তৈরি করবে। আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই কাজ করবো এবং বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং করবো। শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে নেটওয়ার্কিং করতে হবে। শিক্ষার্থীরা আজকের এ স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে উদ্যোক্তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাসমূহ থেকে শিক্ষা নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে এ আশাবাদও তিনি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে “মাস্টারক্লাস সেশন” পরিচালনা করেন Pupil School Bus Ltd. এর ফাউন্ডার, সিইও ও চেয়ারম্যান মো. আবদুর রশিদ সোহাগ। এছাড়া, “পিচ ডেক তৈরির কৌশল” এবং “iDEA প্রি-সিড গ্র্যান্টে আবেদন করার পদ্ধতি” বিষয়ক বিশেষ সেশন পরিচালনা করেন আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক জনাব সিদ্ধার্থ গোস্বামী। iDEA প্রকল্পের অধীনে ইতোপূর্বে শিক্ষার্থীদের জন্য সারা দেশে পঁচিশটির অধিক বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশের উদ্যোক্তাদের স্টার্টআপ প্রতিষ্ঠায় অনুদান, প্রশিক্ষণ, মেন্টরিং, ফ্যাবল্যাব (Fablab), কো-ওয়ার্কিং স্পেস এবং নেটওয়ার্কিং এর সুবিধা প্রদান করে থাকে।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরআইএমসি এর পরিচালক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, স্টার্টআপ (startup) হলো একটি নতুন ব্যবসায়িক উদ্যোগ যা একটি উদ্ভাবনী ধারণা, পণ্য বা সেবাকে কেন্দ্র করে গড়ে উঠে এবং দ্রুত বৃদ্ধির লক্ষে কাজ করে, যেখানে প্রচলিত ব্যবসার বাইরে গিয়ে কোনো নতুন সমস্যা সমাধান বা বাজারের চাহিদা পূরণের চেষ্টা করা হয়। এটি সাধারণত প্রযুক্তি-নির্ভর হয় এবং ছোট পরিসরে শুরু হলেও বড় সম্ভাবনার দিকে এগিয়ে যায়।

news

11 Dec 2025

রাবিপ্রবি’তে ‘Forest Monitoring Using Drone Technology’ ‍বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে আজ দুপুর ১২:৩০ ঘটিকায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘Forest Monitoring Using Drone Technology’ ‍বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

Higher Education Cooperation for Forest Landscape Restoration and Sustainable Livelihoods in Bangladesh and Vietnam (FORSU) প্রোজেক্টের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে গাজীপুর বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের রিমোট সেন্সিং এন্ড বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফরহাদুর রহমান প্রশিক্ষণ প্রদান করেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে ফিনল্যান্ডের University of Helsinki - FORSU Project এর কো-অর্ডিনেটর জনাব দিপজয় চাকমা, FORSU Project এর ম্যানেজার ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, FORSU Project(রাবিপ্রবি) কো-অর্ডিনেটর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, FORSU Project এর সিনিয়র এক্সপার্ট ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সপ্তর্ষি চাকমা, FORSU Project এর জুনিয়র এক্সপার্ট ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন এবং FORSU Project এর জুনিয়র এক্সপার্ট ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ঋষিতা চাকমা উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণে রিমোট সেন্সিং, ড্রোন প্রযুক্তির ব্যবহার, টেকসই বনায়নে ড্রোন প্রযুক্তির উপকারিতা, বনায়নের বিস্তৃতি, ড্রোন উড্ডয়নে জাতীয় নীতিমালা, নিরাপত্তা প্রটোকল, আবহাওয়া পর্যবেক্ষণ, হাতে কলমে ড্রোন উড্ডয়ন, বন পর্যবেক্ষণের এপ্লিকেশন, photogrammetry & processing software,  ফরেস্ট ম্যাপিং, ম্যাপ প্রস্তুতকরণ, ম্যাপ ব্যাখ্যাকরণ, রিপোর্ট প্রস্তুতি সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ- প্রফেসর ড. মোঃ আলমগীর কবির ও সহকারী অধ্যাপক জনাব মোঃ আরিফুর রহমান ও সাত জন শিক্ষার্থী এবং রাবিপ্রবি-ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

news

11 Dec 2025

রাবিপ্রবি ক্যাম্পাসে ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ স্থাপন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১০ ডিসেম্বর ২০২৫খ্রি. রোজ বুধবার দুপুর ১:০০ ঘটিকায় রিসোর্স ইনোভেশন সেন্টার (আরআইসি) এ ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ স্থাপন করা হয়। এসময় রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়া  ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এর চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এর সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব উপস্থিত ছিলেন। 

বিগত ৩ ডিসেম্বর ২০২৫খ্রি. তারিখে রাবিপ্রবি প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে মাননীয় ভাইস-চ্যান্সেলর একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন হস্তান্তর করেন। এসময় অনলাইনে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার ২৮ নভেম্বর ২০২৫খ্রিঃ তারিখে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয় এবং এর প্রেক্ষিতে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) রাবিপ্রবিকে একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনটি প্রদান করে।

‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ স্থাপন করার সময় রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ড. মোঃ আতিয়ার রহমান বলেন,  এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনটির মাধ্যমে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় পুরো রাঙ্গামাটি শহর ও কাপ্তাই লেকের এয়ার কোয়ালিটির ডাটাবেইজ তৈরি করা সহজ হবে। রাবিপ্রবি’কে এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনটি প্রদান করায় তিনি বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) কে ধন্যবাদ জানান।

news

11 Dec 2025

রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে ফিট থাকার জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার আহবান জানান। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে যুক্ত থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকেও ধন্যবাদ জানান। শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ তেমনি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। আগামী বছরের মধ্য ডিসেম্বরে ক্রীড়া সপ্তাহ ঘোষনা করা হয়েছে। সে সপ্তাহে শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবেনা।

উল্লেখ্য যে, বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন ইভেন্ট হলো: দৌড় (১০০মি. ২০০মি. ও ৪০০মি.), চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ, লং জাম্প, দাবা, লুডু, ক্যারম, ব্যাডমিন্টন ও মিউজিক চেয়ার। সকালে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টসমূহে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং আগামী ১৬ ডিসেম্বর তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, প্রক্টর, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.)সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

news

25 Nov 2025

রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধিদের সাক্ষাৎ ও ক্যাম্পাস পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত মাননীয় অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার মি. ক্লিনটন পবকে’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ২৫ নভেম্বর ২০২৫খ্রি. রোজ মঙ্গলবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণ হলেন ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট কোঅপারেশন এর প্রধান) জনাব সাঈদ হায়দার, প্রোগ্রাম ম্যানেজার (ডেভেলপমেন্ট কোঅপারেশন) জনাব ইমাম নাহিল, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ এর কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার জনাব কাঞ্চন খীসা এবং প্রোগ্রাম অফিসার জনাব হৃদিতা দেওয়ান।

প্রথমেই মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় প্রতিনিধি দলকে তাঁর অফিসে ফুল দিয়ে স্বাগত জানান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাঁদের সাথে সংক্ষিপ্ত একান্ত আলোচনা শেষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়। অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলসহ সকলকে তিনি শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শুরুর ইতিহাস ও দীর্ঘ বন্ধুর পথ অতিক্রমের কথা, বর্তমান অবকাঠামো উন্নয়নের চিত্র এবং একাডেমিক পরিবেশের অগ্রগতির বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। প্রক্রিয়াধীন আরআইসি, ট্যুরিজম হাব নির্মাণের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। তিনি এ অর্থ বছরে গবেষণায় ৩১.৭৫ লক্ষ টাকা রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পে অনুদান প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবের মাধ্যমে সাংস্কৃতিক ও সেবামূলক কার্যক্রমের বিষয়াদি তুলে ধরেন। কাপ্তাই লেক কেন্দ্রিক দীর্ঘ মেয়াদি গবেষণা ও অত্র অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। অত্র অঞ্চলের জীবনমান উন্নয়নের সাথে সম্পৃক্ত ও প্রকৌশল প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে একাডেমিক-বিভাগ খোলার প্রক্রিয়াধীন উদ্যোগের কথা বলেন। এছাড়া প্রতিনিধি দলের প্রশ্নের প্রেক্ষিতে উচ্চতর ডিগ্রীর পাশাপাশি ট্রেনিং বেইজড শর্ট কোর্স চালুর আশ্বাস দেন। তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাবিপ্রবি’র শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য যৌথ গবেষণা করার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার জন্য সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে রাবিপ্রবিতে একটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট প্রতিষ্ঠার যৌথ উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।  

উক্ত সভায় ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব ড. মোঃ মিজানুর রহমান অস্ট্রেলিয়ায় ভিজিটিং রিসার্চার হিসেবে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং এ অঞ্চলের উন্নয়নে গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে অবদান রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। অনুরুপভাবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই জনাব খোকনেশ্বর ত্রিপুরা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা তাদের অভিজ্ঞতাসহ জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, রিসার্চ এবং এভিডেন্স বেইজড প্রোডাক্ট উৎপাদন, স্থানীয়দের আর্থিক উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু যা এ অঞ্চলের জীবনমানের উন্নয়ন ঘটাবে এমন প্রকল্পে অর্থায়নের বিষয়টি বিবেচনার জন্য আহবান জানান। এছাড়া ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও আরআইএমসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন চীনে অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম ও গবেষণা প্রকল্প পরিচালনার তথ্য-উপাত্ত তুলে ধরেন।

বাংলাদেশে নিযুক্ত মাননীয় অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার মি. ক্লিনটন পবকে প্রথমেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হৃদিক-সৌজন্যতার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যোগযোগ বৃদ্ধি ও কার্যকরি সম্পর্ক গড়ে তোলার ইতিবাচক মনোভাব পোষণ করেন। তিনি অত্র অঞ্চলে ট্যুরিজম তথা পর্যটন ক্ষেত্র ও অত্র অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা ও রাষ্ট্রীয় নীতির বিষয়ে কথা বলেন। তিনি কৃষিভিত্তিক ও পর্যটনকেন্দ্রিক যৌথ গবেষণা প্রকল্পের বিশেষত কাপ্তাই লেককে জাতীয় উন্নয়নে ও আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরার বিষয়ে আগ্রহ ও যৌথভাবে কাজ করার আগ্রহ ও আশ্বাস প্রদান করেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় অস্ট্রেলিয়ান সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেন। তিনি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস এর মাধ্যমে রাবিপ্রবি শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার (মাস্টার্স) সুযোগ গ্রহণ এবং অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপের প্রোগ্রামের মাধ্যমে অস্ট্রেলিয়ায় স্বল্পমেয়াদী কোর্সে আবেদনের জন্য আহবান জানান। এছাড়াও তিনি রাবিপ্রবিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, এ অঞ্চলের শিক্ষার্থীর হার, উচ্চশিক্ষায় পরিবেশ সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমুহ জানতে চান।

দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার কল্যাণে, বিদেশী গবেষকদের এ অঞ্চল ভ্রমণের নিয়ম নীতিতে শিথিলতা আনার জন্য প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইনফরমেশন টেকনোলজি (আইটি) সংক্রান্ত কোর্স, ভোকেশনাল ট্রেনিং, বিদেশী ভাষা শিক্ষার মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, প্রায়োগিক শিক্ষা, কৃষি ও জলবায়ু পরিবর্তন প্রশমণ বিষয়ক গবেষণা এবং এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গবেষণার উপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলকে নিয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করেন। তিনি চলমান অবকাঠামোগত সকল নির্মাণ কাজ, পরিবহনপুল, বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং, কেন্দ্রীয় লাইব্রেরি, আরআইএমসি-আরআইসি গবেষণা কেন্দ্র এবং ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন। অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার মি. ক্লিনটন পবকে পাহাড়-পরিবেষ্টিত ক্যাম্পাসের সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং রাবিপ্রবি’র সামগ্রিক বিশেষত অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক পরিবেশ সম্পর্কে ধারণা পেয়ে তিনি রাবিপ্রবি’র সাথে যৌথ উদ্যোগে কাজ করার মনোভাব ব্যক্ত করেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করেন।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ এর ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদ এর ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এর চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ এর চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, ম্যানেজমেন্ট বিভাগ এর চেয়ারম্যান জনাব মোহনা বিশ্বাস, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এর চেয়ারম্যান জনাব মোসা. হাবিবা, রাবিপ্রবি’র প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই ও ছাত্র হলের প্রভোস্ট জনাব খোকনেশ্বর ত্রিপুরা, ছাত্রী হলের প্রভোস্ট জনাব সূচনা আখতার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. সুপ্রিয় চাকমা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব ড. মোঃ মিজানুর রহমান, আরআইএমসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) জনাব মোহাম্মদ কামরুল হাসান, এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার জনাব সেতু চাকমা, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মিথিলা তালুকদার, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব ত্রিবেনী চাকমাসহ রাঙ্গামাটি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হানুল ইসলাম উপস্থিত ছিলেন। 

news

24 Nov 2025

রাবিপ্রবি’তে ‘Institutional Integrity and Outcomes’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Institutional Integrity and Outcomes’ বিষয়ক একটি প্রশিক্ষণ আজ ২৪ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১১:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি Institutional Integrity and Outcomes বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এর তাত্ত্বিক ও প্রকৌশলগত দিকগুলো তুলে ধরেন। এছাড়াও তিনি শিক্ষকবৃন্দকে প্রাতিষ্ঠানিক বিধি-বিধান, সততা-নৈতিকতা ও পেশাগত শিষ্টাচার মেনে স্বীয় দায়িত্ব-কর্তব্য পালন করার আহবান জানান। পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতার বিষয়াদি স্মরণে রেখে অত্র অঞ্চলের ও সমাজের জন্য কাজ করার উৎসাহ প্রদান করেন। তিনি সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহনশীলতা এবং বোঝাপড়ার তথা ঐক্যের পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি শিক্ষকবৃন্দকে একাডেমিক পরিবেশ, পেশাদারি আচরণ, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ইতিবাচক কাজের প্রশংসা করার মনোভাব ও পেশাগত গোপনীয়তা বজায় রাখার জন্য বিশেষভাবে আহবান জানান এবং ভবিষ্যতের একাডেমিক লিডার হওয়ার জন্য উৎসাহিত করেন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

24 Nov 2025

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদান

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের গবেষণা খাতের অধীন অনুমোদিত গবেষণা প্রকল্পের বিপরীতে গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদান করা হয়। অনুষ্ঠানটি রাবিপ্রবি’র রিসার্চ এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি) এর উদ্যোগে আজ ২৪ নভেম্বর ২০২৫খ্রি. তারিখ সকাল ৯:০০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের ১৩ জন শিক্ষককে তাদের গবেষণা প্রকল্পের বিপরীতে মোট একত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকার আর্থিক গবেষণা-অনুদান প্রদান করা হয়। সন্মানিত গবেষকবৃন্দ হলেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব ও প্রভাষক জনাব মোঃ ছায়েদুল আমিন; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম ও সহকারী অধ্যাপক জনাব মোঃ মাঈনুদ্দিন; ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন, প্রভাষক ড. মুহাম্মদ ফররুখ রহমান, প্রভাষক জনাব মোহাম্মদ এজাজুল ইসলাম, প্রভাষক জনাব সিফাতুন নুর ও জনাব কেয়া চাকমা; এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব জি এম সেলিম আহমেদ।

উক্ত অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ তাদের গবেষণা প্রকল্পের মেথোডলজি, গবেষণার উদ্দেশ্য-পরিধি, তথ্য-উপাত্ত সংগ্রহ পদ্ধতিসহ গবেষণা প্রকল্পের সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করেন। পরিশেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, চলমান এই গবেষণা প্রকল্পসমূহ সম্পন্ন হলে গবেষণাপত্রগুলো অনুরুপ গবেষণাক্ষেত্রে জাতীয় পর্যায়ের গবেষণায় অবদান রাখবে। বিশেষত কাপ্তাই লেকের মৎস্য সম্পদ উন্নয়ন, আহরণ ও বিপণন সম্পর্কে নতুন জ্ঞান-প্রকৌশল-প্রযুক্তি বিকাশে সহায়তা করবে। তিনি শিক্ষকবৃন্দকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ সৃষ্টি, একাডেমিক সততা বজায় রেখে গবেষণা পরিচালনা, রাবিপ্রবি'র সুনাম ও র‌্যাঙ্কিং বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানটির আহবায়ক ও আরআইএমসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং আরআইএমসি’র উপ-পরিচালক জনাব মহিম-আল-মহিউদ্দীন উপস্থিত ছিলেন।

news

16 Nov 2025

‘রাবিপ্রবি ডট ইনফো’ এর মোড়ক উন্মোচন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ষান্মাসিক বার্তা ‘রাবিপ্রবি ডট ইনফো’ এর মোড়ক আজ ১৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মুখে উন্মোচন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। রাবিপ্রবি’র কার্যক্রম নিয়ে প্রথম প্রকাশনা হিসেবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এর গুনগতমান বজায় রাখতে; আজকে যে যাত্রা শুরু হলো তা ভবিষ্যতে আরো তথ্যবহুল ও সুন্দর আঙ্গিকে প্রকাশিত হবে এ প্রত্যাশা করছি। আমাদের শিক্ষার্থীরা এটি পড়বে এবং আগামীতে তাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য বুদ্ধিবৃত্তিক কাজের সাথে, ভালো কাজের সাথে যুক্ত থাকবে। ভালো কাজের সাথে আমরা সবাই একত্রে থাকবো। পাহাড়ের উচ্চশিক্ষার পথে এটি একটি মাইলফলক তৈরি করলো এবং অনবদ্য এ চলার জন্য, গল্প তৈরি করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাননীয় ভাইস-চ্যান্সেলর এ অনাড়ম্বর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আশবাদ ব্যক্ত করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান, পরিচালকগণ (ভারপ্রাপ্ত), হলের প্রভোস্ট, প্রক্টরসহ দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন ‍বিভগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

news

09 Nov 2025

রাবিপ্রবি’তে ‘রেড ক্রিসেন্ট বেসিক ও ফার্স্ট এইড’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাব ও রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিট-এর যৌথ উদ্যোগে ‘রেড ক্রিসেন্ট বেসিক ও ফার্স্ট এইড’  বিষয়ক একটি প্রশিক্ষণ আজ ০৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ শুক্রবার সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। প্রশিক্ষণে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিট-এর সহ-সভাপতি জনাব এস এম শফিউল আজম ও সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম শাকিল।

বিশেষ সম্মানিত অতিথি নোবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ কালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার স্মৃতিচারণের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে, লাইব্রেরীতে, শ্রেণীকক্ষে ও ল্যাবে সচেতন আচরণ ও করণীয় বিষয়ে প্রাথমিক ধারণার মধ্য দিয়ে সচেতনতা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি আবারও রাবিপ্রবি ক্যাম্পাসের সকালের পাহাড়-লেকের প্রাকৃতিক পরিবেশের দৃষ্টি নান্দনিকতায় তাঁর মুগ্ধতার কথা বলেন। ক্যাম্পাসের সাপ্তাহিক ছুটির দিনে এ আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসকে শিক্ষার্থী মুখর দেখে আনন্দ প্রকাশ করেন। তিনি নোবিপ্রবি’তে ভ্রমণের জন্য শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, জীবন অমূল্য; জীবন ব্যতীত সকল দুর্ঘটনার ক্ষতি কোন না কোন সময়ে পূরণ করা সম্ভব কিন্তু জীবনের ক্ষেত্রে তা সম্ভব নয়। তাই জীবনের পাশে দাঁড়াতে হবে, মানবতার পাশে দাঁড়াতে হবে। আজকের এই প্রশিক্ষণ নিশ্চয়ই আমাদের এ শিক্ষার্থীদেরকে মানবতার প্রতি, সকল শ্রেণী পেশার মানুষের প্রতি দায় ও দায়িত্ব সচেতন করে তুলবে এবং তারা সমাজে ভালো ও সৎ মানুষ হওয়ার পাশাপাশি বিশ্বের সকল নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন।

রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিট-এর সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম শাকিল বলেন, আমরা রাঙ্গামাটি পার্বত্য জেলায় রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠনের পর থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের সহশিক্ষা কার্যক্রমের পরিধি ও কার্যক্রম বাড়াতে; তারই অংশ ও ধারাবাহিকতায় আজ এই প্রথম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম শুরু হল এবং এ ধারা আরও সক্রিয় ও কার্যকরীভাবে একসাথে কাজ করে যাবো। তিনি বলেন এটি একটি সেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠন, আমরা আর্তমানবতার সেবায় কাজ করি; সকল দুর্যোগ তা মানবিক কিংবা প্রাকৃতিক যাই হোক না কেন তা মোকাবেলার জন্য ছুটে যাই। আজকের এ প্রশিক্ষিত শিক্ষার্থীরা যে চলার পথ শুরু করল তা অত্র অঞ্চলের আর্ত মানবতার সেবায় বিশেষ অবদান রাখবে তাতে কোন সন্দেহ নেই। এ আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, আমাদের পার্বত্য এ অঞ্চলে অনেক বড় বড় প্রজেক্ট গ্রহণ করা হয় কিন্তু মানবতার সেবায় এরূপ প্রজেক্টের অভাব রয়েছে। এ সেচ্ছাসেবী সংগঠনের প্রতি সকলকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানান।

রাবিপ্রবি রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাবের মডারেটর, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন আজকের এ উদ্যোগকে ও অতিথিদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল শিক্ষার্থীদের সেচ্ছাসেবায় ও মানবসেবায় আত্ননিয়োগ করার আহবান জানান; যা একজন শিক্ষার্থীকে সমাজের প্রতি, রাষ্ট্র ও পরিবারের প্রতি মানবিক আচরণে উত্তীর্ণ করবে। এ সংস্থাটি দেশ-বিদেশে সকল সময়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত; আজকের এ প্রশিক্ষণ আমাদের শিক্ষার্থীদেরকে এ মানবিক বিষয়টি আরও সক্রিয় করে তুলবে বলে বিশ্বাস করি। তিনি শিক্ষার্থীদের তাদের ক্লাবসমূহের কার্যক্রম বাড়াতে বলেন এবং সকল সহশিক্ষা কার্যক্রম ক্যাম্পাসের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আয়োজন করার আহবান জানান।

এ প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, মানুষের সেবা করাই মানুষের মূলনীতি হওয়া উচিত; যে সকল সংস্থা মানুষের সেবার, মানবিক সেবার কাজে নিয়োজিত সেগুলোর মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যতম। এ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে থাকার কারণে তিনি রাবিপ্রবি’র এ সংগঠনের কার্যক্রমকে আরও কিভাবে সক্রিয় ও কাজের পরিধি বৃদ্ধি করা যায় তার নির্দেশনা প্রদান করেন। তিনি আন্তর্জাতিক এ সংস্থাটির ৭টি মূল নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মূলনীতিগুলো হলোঃ মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, একতা ও সার্বজনীনতা। ধর্ম-বর্ণ-গোত্র-অঞ্চল নির্বিশেষে সকল মানুষের সেবা করার মনোভাবের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা আমাদের সামর্থের মধ্যে যা করণীয় তা করতে পিছ-পা হবো না। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড কর্তৃক পাসকৃত শিক্ষার্থীদের সব ক্লাবকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য বাজেটের সীমাবদ্ধতা সত্ত্বেও যথাসাধ্য অনুদান প্রদান করা হয়, এমনকি কখনও কখনও ডিসক্রিশনারি ফান্ড থেকেও তা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো সক্রিয় হয়ে উঠুক এটা আমি চাই; আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিং প্রক্রিয়ায় নেয়ার জন্য কাজ শুরু করেছি । বিশ্ববিদ্যালয়ের এ কাজগুলো র‌্যাঙ্কিং-এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । ইতোপূর্বে আমরা দেখেছি বছরের পর বছর ধরে মানুষের প্রতি যে অন্যায়-অত্যাচার-গুম-খুন করে রাষ্ট্রকে অমানবিক করে তোলা হয়েছিল তা থেকে আমরা স্বাধীন হয়েছি; আজকের এই মানবিক বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই; জুলাই’২৪ গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন । প্রসঙ্গক্রমে তিনি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাধ্যমে ‘How to manage guest’ বিষয়ে এক প্রশিক্ষণ আয়োজনের আগ্রহের কথা বলেন । ক্যাম্পাস কেন্দ্রিক শিক্ষা-সংস্কৃতি-উন্নয়ন-মানবতাসহ অন্যান্য ইতিবাচক বিষয়ে কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্ব প্রদান করেন এবং প্রতিনিয়ত অংশীজন বাড়ানো বিশেষ আগ্রহের কথা বলেন। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সভার শুরুতে রাবিপ্রবি রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাবের লিডার জিসান আহমেদ স্বাগত বক্তব্য রাখেন এবং এ আয়োজনের আর্থিক ও সার্বিক নির্দেশনা ও সহযোগিতার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান। এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিট-এর জনাব মোঃ আল মাহমুদ, জনাব মোঃ ফাহিম উদ্দীন, জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং রাবিপ্রবি’র রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাবের ইয়ুথ লিডার জনাব মোঃ তানভির। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন রাবিপ্রবি’র রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাবের ইয়ুথ লিডার জনাব জিসান আহমেদ ও উপস্থাপনা করেন ডেপুটি লিডার উম্মে সালমা লাবণ্য। এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবিপ্রবি রেড ক্রিসেন্ট ইয়ুথ ক্লাবের সকল সদস্য। প্রশিক্ষণ শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।