All News
news

09 Sep 2025

রাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের দুই উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয় আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকাল ১০ঃ০০ ঘটিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সভায় রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি রাবিপ্রবিকে সামনে এগিয়ে নিতে মাননীয় উপদেষ্টাবৃন্দের সহযোগিতা কামনা করেন।

news

08 Sep 2025

রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ব্যাংকিং সচেতনতা’ বিষয়ক কার্যক্রমের উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ব্যাংকিং সচেতনতা’ বিষয়ক কার্যক্রম আজ ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন । তিনি স্বল্প সময়ের মধ্যে রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবা কার্যক্রম প্রচারের আয়োজন করা এবং রাবিপ্রবি'র অগ্রযাত্রায় পূবালী ব্যাংকের একাত্মতা প্রকাশ করায় পূবালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি রাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বছরে দুইবার walk in interview আয়োজন করার আহবান জানান যার মাধ্যমে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পূবালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক ও ডিভিশনাল হেড (এডিসি ডিভিশন) জনাব মোঃ রবিউল আলম বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আধুনিক প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে ম্যানুয়াল ব্যাংকিং থেকে ফোর্থ জেনারেশন তথা অ্যাপস ভিত্তিক ব্যাংকিং এ রুপান্তরের বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উত্‌সাহ প্রদান করেন এবং শিক্ষার্থীদের স্বপ্নপূরণ সঞ্চয়ী স্কিম খোলার আহবান জানান, যার মাধ্যমে শিক্ষার্থীরা যেকোন পরিমান অর্থ জমা করতে পারবে। এছাড়াও তিনি পূবালী ব্যাংকে বিদ্যমান ডুয়েল কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, গ্রিন ব্যাংকিং তথা ক্যাশলেস লেনদেন, পেনশন স্কিম, সিনিয়র সিটিজেন পূবালী ডিপোজিট স্কিম, প্রি ফেরন এডুকেশন লোন, টিচার্স লোন, পূবালী আবাসন লোন, কার লোনসহ বিভিন্ন সঞ্চয়ী স্কিম, গ্রাহকদের তথ্য সুরক্ষায় পূবালী ব্যাংকের  সাইবার সিকিউরিটি ব্যবস্থা অন্যান্য ব্যাংকিং সেবা সম্পর্কে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে পূবালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (চট্টগ্রাম) জনাব মোঃ আক্তারুজ্জামান সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের সকল ডীন বক্তব্য রাখেন। এছাড়াও পূবালী ব্যাংকের রাঙ্গামাটি শাখা ব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল ইসলাম, পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপিস্থত ছিলেন।

আলোচনা সভা শেষে ‘ব্যাংকিং সচেতনতা’ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি কর্তৃক স্থাপিত অস্থায়ী ব্যাংকিং বুথ এর শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়। উক্ত ব্যাংকিং বুথ হতে রাবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ মোবাইল অ্যাপ ব্যবহার করে সেলফ রেজিস্ট্রেশনের এবং e-kyc-র মাধ্যমে ব্যাংক হিসাব খোলাসহ নানা ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। রাবিপ্রবি’তে পূবালী ব্যাংক পিএলসি’র অস্থায়ী ব্যাংকিং বুথের এই কার্যক্রম ০৮/০৯/২০২৫ হতে ১১/০৯/২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

news

08 Sep 2025

রাবিপ্রবি'র অর্থ কমিটির ৭ম সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভা আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ শুক্রবার সকাল ১১:৩০ ঘটিকায় রাবিপ্রবি'র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অত্যাবশ্যকীয় কিছু নীতিমালা এ সভায় উপস্থাপন করা হয়। সভায় ষষ্ঠ সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। উত্থাপিত নীতিমালগুলো হলো: সম্মানী/অধিকাল ভাতার হার নির্ধারণ সংক্রান্ত নীতিমালা (সংশোধিত)-২০২৫; পেটিক্যাশ নীতিমালা-২০২৫; অবসর ভাতা ও আনুতোষিক সংবিধি নীতিমালা-২০২৫; রিজার্ভ ফান্ড ব্যবহার নীতিমালা-২০২৫; মাসিক দায়িত্ব ভাতা নীতিমালা-২০২৫; চিকিৎসা ঋণ প্রদান নীতিমালা-২০২৫; বিশ্ববিদ্যালয়ের পরিবহন নীতিমালা (সংশোধিত) -২০২৫ এবং আর্থিক ক্ষমতা (সিগনেটরি) অনুমোদন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধন পূর্বক নীতিমালাসমূহ অনুমোদন প্রদান করা হয়।

সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও রিস্টেক প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ জুনাইদ কবির উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য ড. মোর্শেদা আক্তার অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন। এছাড়াও অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক জনাব এস. এম. রেজাউর রহমান ও সহকারী পরিচালক জনাব রাসকিন চাকমাসহ হিসাব দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

news

08 Sep 2025

রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

একাডেমিক কাউন্সিলের অদ্যকার ১৩ তম সভার শুরুতে পূর্ববর্তী ১২ তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সভায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের পাঠ্যক্রমে OBE কারিকুলাম অন্তর্ভুক্তি,  ফিল্ড ট্রিপ কোর্সের জন্য বাজেট বরাদ্দ, গবেষণা ভাতা প্রদান, শ্রেণীকক্ষ বরাদ্দ; ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের সিলেবাস পরিবর্তন, কারিকুলামে ইর্ন্টানশীপ ও থিসিস কোর্সের সংযুক্তি; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলেবাস সক্রান্ত বিষয়সমূহ আলোচনা পূর্বক অনুমোদন প্রদান করা হয়। এছাড়া ‘Centre For Innovation and Entrepreneurship’ প্রতিষ্ঠা ও চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন প্রদান করা হয়। রাবিপ্রবি’তে পাঁচটি নতুন বিভাগ খোলার অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরিত পত্র, এমএসসি এবং এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা, বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক প্রতিনিধিকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন, তিনটি অনুষদের নির্বাহী কমিটি গঠন এবং সিএসই বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা কমিটি গঠনের বিষয়াদি একাডেমিক কাউন্সিলের সভায় অবহিত করা হয়।  

উক্ত একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মিনারেলস, জিওটেক ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল জিওলোজিস্ট ও বিভাগীয় প্রধান ড. মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র, খেপুপাড়া, পটুয়াখালী এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ও সাবস্টেশন চীফ ড. মোহাম্মদ আশরাফুল হক। এসময় অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. ওয়াহিদা সুমী। এছাড়াও রাবিপ্রবি’র সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাবিষয়ক পর্ষদ যেখানে আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয়ের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক বর্ষসূচী ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রনয়ণ, শিক্ষা-প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণের সংশ্লিষ্ট কার্যাদি তত্ত্বাবধান করে থাকে।

news

04 Sep 2025

রাবিপ্রবি’তে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মচারীদের (১১-১৬ গ্রেড) জন্য ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা আজ ০৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।রাবিপ্রবি’তে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উক্ত কর্মশালায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আধুনিক অফিস ব্যবস্থাপনার অংশ হিসেবে আভ্যন্তরীণ যোগাযোগ এবং পারস্পিক সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং কর্মচারীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি কর্মচারীদেরকে তথ্য ও সময় ব্যবস্থাপনা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মসম্পাদন এবং অংশীজনদেরকে সেবা প্রদান করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি কর্মচারীদেরকে রাবিপ্রবি’র ২০২৫ সালের ডায়েরী বিতরণ করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

28 Aug 2025

রাবিপ্রবি’র সাথে ইউজিসি’র ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) শীর্ষক প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী বাংলাদেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) একটি গবেষণা প্রকল্প প্রতিযোগিতার মধ্যে দিয়ে পেয়েছে। বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় গবেষণা ফান্ডিং এর জন্য প্রতিযোগিতা করে রাবিপ্রবি একটি গবেষণা প্রকল্প জমা দিয়ে একটিই অ্যাওয়ার্ডেড হয়েছে (সফলতার হার ১০০%)।

আজ ২৭ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট গবেষকগণের উপস্থিতিতে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়ের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।

news

26 Aug 2025

রাবিপ্রবিতে শিক্ষকদের "Proposal Writing for Research Grant" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের জন্য "Proposal Writing for Research Grant" বিষয়ক একটি সেমিনার আজ ২৫ আগস্ট ২০২৫ খ্রি: তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় গবেষণা প্রকল্পের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তোহিদুল আলম। তিনি গবেষণা অনুদানের জন্য গবেষণা প্রকল্প, প্রপোজাল রাইটিং, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) গবেষণা অনুদানের জন্য প্রযোজ্য শর্তাবলী সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি ইউজিসি গবেষণা প্রপোজাল এর নমুনা এবং রাঙ্গামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রপোজাল এর নমুনা সম্পর্কে আলোচনা করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

11 Aug 2025

রাবিপ্রবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম ২০২৫ আজ ১১ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড.মুহাম্মদ রহিম উদ্দিন ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী। সভার সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদেরকে এ বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেকহোল্ডার হিসেবে অবিহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের জীবন গঠনে উৎসাহ ও উদ্দীপনামূলক বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর মহোদয়। তিনি বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয় নিয়ে যাদের হতাশা আছে, সে হতাশা দূর করবার জন্য এবং তোমাদের দাবি পূরণে প্রতি মুহূর্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাই মিলে আমরা কাজ করে যাবো। তিনি বলেন, আমরা আশা করবো তোমরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের এ সেতুবন্ধনকে মূল্যায়ন করবে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের সামগ্রিক বিকাশে অবশ্যই পাশে থাকবে এবং আগামী দিনের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা পরীক্ষায় নকল করা থেকে অবশ্যই বিরত থাকবে ও প্রথাগত রাজনীতি থেকে দূরে থাকবে। তিনি শিক্ষার্থীদেরকে ডীনস (Deans) এ্যাওয়ার্ড পাওয়ার জন্য সকল মানদণ্ড অনুসরণ করে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন।

তিনি আরো বলেন, তোমরা এ বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা করবে, জ্ঞান চর্চার মাধ্যমে নিজের জানার ক্ষেত্রকে বিশ্বমানের করে তুলবে এবং গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞানের ক্ষেত্র উন্মোচন করবে। আমাদের দায়িত্ব তোমাদের জন্য পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত একাডেমিক, প্রশাসনিক, ছাত্রছাত্রী হলসহ চারটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পন্ন হবে। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। এ বিশ্ববিদ্যালয়ের সম্পদসমূহের যথাযথ ও নৈতিকতার সাথে ব্যবহার করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদেরকে জ্ঞান চর্চার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এবং দেশের উন্নতিতে কাজ করার আহবান জানান। এ বিশ্ববিদ্যালয়কে তিনি দেশের অন্যান্য আইকনিক বিশ্ববিদ্যালয়গুলোর সমতুল্য করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদেরকে এ বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রী গ্রহণ করার স্বপ্ন দেখান। উক্ত সভার সভাপতি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির নবীনদেরকে স্বাগত জানান; তিনি বিশ্ববিদ্যালয়কে ওয়ান স্টপ সার্ভিস এর আওতায় আনার আশ্বাস দেন।

ওরিয়েন্টশন প্রোগ্রামের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোসা হাবিবা এবং ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরীসহ সকল বিভাগের চেয়ারম্যানগণ ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। এরপর নবীন শিক্ষার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ স্বাগত বক্তব্য প্রদান করেন। তাঁরা চর্তুথ শিল্প বিপ্লবের টুলসগুলো আয়ত্ত করে নিজেদের বিশ্বমানের মেধা শক্তিতে রুপান্তরিত হওয়ার আহবান জানান। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের উপর নির্ভর না করে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য নিজেকে প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকে জিআরই’র (GRE) প্রস্তুতির উপর গুরুত্ব প্রদান করেন। তাঁরা বলেন, জীবনের মাস্টার প্ল্যান তৈরির এটাই উপযুক্ত সময়।

নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে কম্পিউটার‍ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার উর্মি এ বিশ্ববিদ্যালয়কে ঘিরে তাদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নির্দেশনা ও আচরণবিধি সংক্রান্ত বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি প্রেজেন্টেশনে প্রক্টরীয় নীতিমালা, পরীক্ষার শৃঙ্খলা ও শাস্তি সংক্রান্ত নীতিমালা, শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ সংক্রান্ত, যৌন হয়রানি সংক্রান্ত বিষয়াদি, শিক্ষার্থীদের সাথে একাডেমিক শাখার কার্যক্রম এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে বই লেনদেনের নিয়মাবলী বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকদের পরিচিতিমূলক ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ক (A Glimpse of RMSTU) দুইটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। ওরিয়েন্টেশনে নবীনদের প্রশ্নোত্তর পর্বে তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর প্রদান করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রত্যেক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিভাগীয় নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামের সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক জনাব মোহনা বিশ্বাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ঋষিতা চাকমা এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

news

06 Aug 2025

রাবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। আজ ০৫ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার সকাল ০৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণসহ মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে জুলাই সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, জুলাই আন্দোলনের সূত্রপাত ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে শুরু হলেও ছাত্র-জনতা সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, অমানবিক নির্যাতন সহ্যের মাধ্যমে আমরা ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি। জুলাই আন্দোলন নানামাত্রিক চাহিদার প্রেক্ষিতে ঘটেছে। আমরা সবার জন্য জুলাইকে প্রাসঙ্গিক রাখবো। এ আন্দোলনের চেতনা, প্রয়াস ও আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখবো এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিজেদের অবস্থান থেকে কাজ করবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র বন্ধুরা তোমরা পড়ালেখা ও আউটরিচ প্রোগ্রাম করে নিজেদেরেকে যোগ্য করে গড়ে তুলো। আমরা এ বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট রাখবো না। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরো উন্নত করার জন্য শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং চাহিদা দ্রুততম সময়ে সমাধান করার আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ফ্যাসিজমের উদ্ভবের ইতিহাস ও এর করুণ পরিণতির ইতিবৃত্ত তুলে ধরে এ শক্তির পুনরুত্থান যেন আর কখনো না হয় তার জন্য সকলকে সজাগ থাকতে বলেন এবং এ লক্ষ্যে সাংস্কৃতিক ধারা গড়ে তোলার আহবান জানান। এ বিজয়কে ধরে রাখার নিমিত্তে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সামষ্টিক স্বার্থ তথা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থেকে নিজের স্ব-স্ব দায়িত্বে দায়িত্বশীল আচরণের উপর গুরুত্ব আরোপ করেন।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, পরিকল্পনা ও উন্নয়ন ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভা.) ও বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্পের (২য় সংশোধিত) প্রকল্প পরিচালক (ভা.) জনাব আবদুল গফুর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সিএসই বিভাগের ৭ম ব্যাচের ছাত্র এম আখতারুজ্জামান অপু ও ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ব্যাচের ছাত্র আবদুল সাত্তার। জুলাই সঙ্গীত পরিবেশন করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ গিয়াস উদ্দিন।

এছাড়াও একাডেমিক ভবন-১ এর ১০০২ নং কক্ষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে উক্ত বিষয়ের উপর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উপস্থিত শিশুদেরকে চিত্রাংকনসহ শিল্পের অন্যান্য মাধ্যমগুলোতে সম্পৃক্ত হতে উৎসাহিত করেন। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অঙ্কিত জুলাই গণ-অভ্যুত্থান সর্ম্পকিত চিত্রসমূহ মূল্যায়ন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

news

04 Aug 2025

জুলাই গণ-অভ্যুত্থানে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক স্মৃতিচারণা ও আলোচনা সভা আজ রবিবার ০৩ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ০২:১৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁর বক্তব্যে মেধাভিত্তিক রাষ্ট্র নির্মাণে ছাত্রদের অধিকার রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকদের নিয়ে আন্দোলনে যুক্ত থাকার বিষয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের কাছে ধারাবাহিক বর্ণনা তুলে ধরেন। তিনি নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য ব্যানারে চট্টগ্রাম শহর ও ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একাত্ম হয়ে সারাদেশে শিক্ষার্থীসহ জনগণের উপর দমন, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ করেন এবং জুলাই আন্দোলনে নানা প্রতিকূলতা কাটিয়ে ও আন্দোলন বেগবান করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর লেখনীর মাধ্যমে জনমত গঠনে ও আন্দোলন অব্যাহত রাখেন। তিনি রাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণ ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার্থী তথা জনসাধারণের সর্বাত্মক অংশগ্রহণে সফল হওয়া জুলাই গণ-আন্দোলনে যে নতুন বাংলাদেশ পেয়েছি তার বিনির্মাণে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে নিজেদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করার মধ্যে দিয়ে দেশ বদলের আহবান জানান।

জুলাই গণ-অভ্যুত্থানে স্মৃতিচারণা অনুষ্ঠানে রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আকতারুজ্জামান অপু, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শহিদুল ইসলাম মারুফ জুলাই আন্দোলনে তাদের সম্পৃক্ততার স্মৃতিচারণা করেন। উক্ত সভায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল মতিন বাদশা প্রেজেন্টেশনের মাধ্যমে রাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণের সচিত্র উপস্থাপনা ও সঞ্চালনা করেন। স্মৃতিচারণা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের জন্য দোয়া করা হয়।

news

03 Aug 2025

রাবিপ্রবি’তে ‘বাংলাদেশ সার্ভিস রুলস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘বাংলাদেশ সার্ভিস রুলস’ বিষয়ক কর্মশালা আজ বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।

মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সার্ভিস রুলস রাষ্ট্রের চাকুরীজীবিদের জানা ও তা মেনে চলাই কর্তব্য; এ রুলস দায়িত্ব কর্তব্য পালনে দিক নির্দেশনা প্রদান করলেও উন্নত নৈতিকতাই এ রুলসকে সুরক্ষা দিতে পারে। তাই এ সার্ভিস রুলসের পাশাপাশি নৈতিকতা চর্চার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি ছাত্রদের অধিকারকে গুরুত্ব প্রদানের বিষয়ে সকলের দৃষ্টি আর্কষণ করেন এবং সে অনুযায়ী একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একাডেমিক গবেষণায় আন্তর্জাতিক কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারলে এ অর্থ বছর থেকেই বিশেষ আর্থিক পুরস্কারের আশ্বাস দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর। আমাদের বিশ্ববিদ্যালয়টি একটু একটু করে অর্জনের মধ্যে দিয়ে সারাদেশে এ পর্যন্ত যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে তা যেন বজায় থাকে এবং এ সুনাম ভবিষ্যতে সর্বক্ষেত্রে আরো যেন বিস্তৃত হয় এ আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত বা আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরী সংক্রান্ত বিভিন্ন বিধি-বিধান সম্বলিত বাংলাদেশ সার্ভিস রুলস; এর দুটি পার্ট রয়েছে; পার্ট-১ এ সরকারী কর্মচারীদের প্রধানত চাকুরীর শর্তাদি এবং পার্ট-২ কম্পেন্সেটরি এল্যাউন্স নিয়ে বিধান করা হয়েছে; তৎসঙ্গে পেনশন সংক্রান্ত বিধানাবলীও যুক্ত রয়েছে। আজকের এ কর্মশালায় পার্ট-১ এর সকল বিধি-বিধান নিয়ে আলোচনা করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। তিনি উক্ত বিধিমালার আলোকে নিয়োগ, ছুটি, কর্মপরিধি, শৃঙ্খলাবিধি সহ সকল বিধিমালার উপর বিস্তারিত আলোকপাত করেন এবং উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় রাবিপ্রবি’র সকল বিভাগের শিক্ষকগণ এবং সকল দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এ কর্মশালা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

news

22 Jul 2025

শোক বার্তা

বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান আজ ২১-০৭-২০২৫ তারিখ সোমবার দুপুরের দিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হলে এ পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হন এবং অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন; রাষ্ট্রীয় উদ্যোগে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজ পরিবার এবং বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলটসহ সকল নিহতজনদের রুহের মাগফিরাত কামনা করেন ও গভীর শোক প্রকাশ করেন এবং আহতজনদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ শোক বহন করার শক্তি দানের জন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করেন।